০৩ জুন ২০২১(বিবিনিউজ):নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই দুজন সম্পর্কে মামা-ভাগনে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন মো. আশকার (১০) ও তাঁর ভাগনে মিনহাজুল ইসলাম (৮)। আশকার উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান শাহনূরের ছেলে। সে বসুরহাট পৌরসভার দারুল আকরাম মাদ্রাসার তৃতীয় জমাতের ছাত্র। একই এলাকার শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল। সে একই মাদ্রাসার প্রথম জমাতের ছাত্র ছিল। আহত মোটরসাইকেলচালক হলেন নিহত আশকারের বড় ভাই মনিরুজ্জামান ওরফে ইফাজ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাতটার দিকে মনিরুজ্জামান বাড়ি থেকে ছোট ভাই ও ভাগনেকে নিয়ে মোটরসাইকেলে করে বসুরহাট পৌরসভার দারুল আকরাম মাদ্রাসার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি পৌরসভার জামাইরটেক এলাকার শিমুলতলী মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মামা-ভাগনে দুই শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। আহত অবস্থায় মনিরুজ্জামানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। মামা-ভাগনের লাশ পুলিশের হেফাজতে আছে। পরিবারের অবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
