২৬ মে ২০২১(বিবিনিউজ): সাভারে এক কেজি হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৪। মঙ্গলবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
সোমবার (২৪ মে) সকাল ১১টার দিকে সাভারের কলমা এলাকা থেকে হেরোইনসহ তাদের আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন- মো. ইসলামইল হোসেন বাবুল (৪৫) ও মো. কাউসার আহমেদ জয় (১৯)।তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি হেরোইন, ৩৩ হাজার ৩৩০ টাকা ও একটি মাইক্রোবাসসহ বাবুল ও জয়কে আটক করা হয়।জব্দ করা হেরোইনের দাম কোটি টাকা।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
