অবৈধ গ্যাস সংযোগকারী বাড়ির মালিককে দ্রুত গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেবার অনুরোধ করেছেন চেয়ারম্যান সমর

ষ্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরণে দুই জন নিহত হওয়ার ঘটনায় বাড়ির মালিক ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদারকে প্রধান আসামী করে বিশ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রবিবার সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম। মামলা দায়ের করার পরেই কুখ্যাত এই অবৈধ গ্যাস সংযোগকারী বাড়ির মালিককে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন,সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মোল্ল্যাপাড়া এলাকার কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী ইঞ্জিনিয়ার মাসুদ হাওলার কয়েকদিন আগে নিজের দোতলা বাড়ির নিচতলায় একটি রুমের মাটির নিচ দিয়ে ঝুকিপূর্ণ ভাবে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গ্যাস মজুদ করে আসছিল। পরে সেই বাড়ির নিচ তলায় একটি রুম ভাড়া নেন তিন যুবক। পরে গত বুধবার ওই তিন ব্যক্তি রুমে সিগারেট ধরালে হঠাৎ গ্যাস লাইন বিস্ফোরণ ঘটনালে তিন ব্যক্তি আগুনে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তিন ব্যক্তিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে ঐ রুমের ভাড়াটিয়া ফরিদ ও হাবিব মারা যায়। এসময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হৃদয় নামের এক ব্যক্তি। পরে গতকাল ওই বাড়ির আশেপাশের প্রায় এক হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে আজ সকালে ঐ বাড়ির মালিক ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদারকে প্রধান আসামীকরে বিশজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আড়াই’শ লোকের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম। এঘটনায় বাড়ির মালিক ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদার বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পলাতক থাকার কারণে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান করলেও এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরণের ঘটনায় ওই দোতলা বাড়িতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। বাড়িটিতে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছেন স্থানীয়রা।
সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ বলছে, সাভার ও আশুলিয়ায় প্রায় ৮০ হাজার পরিবারে অবৈধ গ্যাস সংযোগ এর চুলা জ্বলছে এসব বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করা হলেও অপরাধীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার না করায় এসব অঞ্চলে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি রোধ করা যাচ্ছে না।
এদিকে ওই বাড়িটি পরিদর্শন করে ঐ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করাসহ দুই জন নিহতের ঘটনায় বাড়ির মালিক ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদারকে দ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
উল্লেখ গত এক বছরে সাভার ও আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে মারা গেছেন ১৮ জন। আহত হয়ে পঙ্গু হয়েছেন আরও অনেকজন।

Related posts

Leave a Comment