টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

bonduk juddoকক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ হাবিব উল্লাহ হাবিব (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্থানীয়রা জানান, তিনি জায়গা জমির ব্যবসা করতেন।

শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব উল্লাহ হাবিব স্থানীয় পুরানপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

এব্যাপারে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হাবিব উল্লাহকে শুক্রবার আটক করা হয়। তারপর তাকে নিয়ে মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে যায় পুলিশ। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হাবিবের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাবিবকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এসআই রাজু, কনস্টেবল জিয়া ও বাদশা। এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ছয় হাজার ইয়াবা, দুটি দেশীয় বন্দুক ও ১৪টি কার্তুজ।

ওসি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment