
ষ্টাফ রিপোর্টার,১৫ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ): ঢাকার আশুলিয়ায় একটি মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীকে প্রকাশ্যে হাত পা বেঁধে মারধর করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম মিয়াসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের শ্রীপুরের নতুননগর মধনেরটেক এলাকায় জাবালে নুর মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মধনেরটেক এলাকায় জাবালে নুর মাদ্রাসায় শিশু শিক্ষার্থী রাকিব হোসেনকে (৯) হাত পা বেঁধে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম মিয়া (৩৩)। এসময় ঐ শিক্ষক আরেক শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমানকে বেঁধে রেখে ভয়-ভীতি প্রদর্শন করে তাঁকেও মারধর করেন।
পরে খবর পেয়ে শিশু দু’টিকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাদের মধ্যে শিশু রাকিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশু শিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরাল হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ। পরে রাতেই অভিযান চালিয়ে শিক্ষকসহ চারজনকে আটক করা হয়।
এলাকাবাসী জানান, দুই বছর আগে জাবালে নুর মাদ্রাসা চালু করেন ওই এলাকার বিতর্কিত ব্যক্তি আব্দুল জব্বার। ওই মাদ্রাসায় আগে দুইশ’ শিক্ষার্থী থাকলেও নির্যাতনের কারণে এখন ১৪ জন শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসায় বর্তমানে দু’জন শিক্ষক রয়েছেন। এ বিষয়ে স্থানীয় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দ্রুত ওই শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন। আর আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
