
১৩ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে এক নারীর অর্ধগলিত লাশ (৩৫) উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ধামরাইর গাংগুটিয়া ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
পুলিশ বলছে, সকালে ওই ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।এবিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে যক্ষায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল কানন বৃষ্টির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন শিক্ষার্থীর ভাই মারুফ সিদ্দিকী।
মারুফ সিদ্দিকী বলেন, ‘বৃষ্টি দীর্ঘদিন ধরে যক্ষায় ভুগছিলো। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি। কিন্তু বিভিন্ন ডাক্তার বিভিন্ন রোগের কথা বলেন। এ কারণে আমরা তাকে সঠিক চিকিৎসা দিতে পারিনি। কদিন আগে জানতে পারি তার যক্ষা হয়েছে। সকালে বৃষ্টি বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হয়।এরপর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক রাজশাহী মেডিকেলে নিতে বলেন। সেখানে নেয়ার পথে বৃষ্টির মৃত্যু হয়।
জান্নাতুল কানন বৃষ্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও জাহানারা ইমাম হলের আবাসিক ছাত্রী ছিলেন।
