আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার

১০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’’ এর ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ার (৩৮), আল আমিন ওরফে তারিক (৩২), শিহাব উদ্দিন (২১) ও মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।
তাদের কাছ থেকে ৫টি উগ্রবাদীবই , ৯টি পুস্তিকা, ৪টি লিফলেট, একটি মোটরসাইকেল, ২টি এটিএম কার্ড, ৩টি ব্যাগ, ১টি পাসপোর্ট, ৩টি মোবাইল, নগদ ১৫ হাজার ২৩৫ টাকা উদ্বার করা হয়।
র‌্যাব-২ এর (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে র‌্যাবের একটি দল গোপন খবরের ভিত্তিতে রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার দক্ষিণ বিশিল মিরপুর মেইন রোডস্থ হোটেল রয়ালের (আবাসিক) সামনে থেকে আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ারকে প্রথমে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে ওই রাত সোয়া ৯টার দিকে মিরপুর-১ এর হজরত শাহ আলী (রাঃ) জেনারেল হাসপাতাল গলির মায়ায় জিন্না মিয়ার চা দোকানের সামনে থেকে বাকী ৩ জন আল আমিন ওরফে তারিক, শিহাব উদ্দিন ও মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যানকে গ্রেফতার করে।
র‌্যাব-২ এ কর্মকর্তা বলেন, আনসার আল ইসলামের কতিপয় সদস্য গোপন মিটিংয়ে অংশ নিতে দক্ষিণ বিশিল, মিরপুর এলাকায় গোপন বৈঠক ও মিটিং করার জন্য জমায়েত হয়েছিল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ার এবং মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান ২০১৯ সালে এবং আল আমিন ওরফে তারিক ২০১৬ সালে এবং শিহাব উদ্দিন ২০১৭ সালে আনসার আল ইসলামে যোগ দেন।
শিহাব উদ্দিন জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে অস্ত্র (আশুলি) কিনার পরিকল্পনা করছিল বলে র‌্যাব সুত্রে জানা যায়।
তাদের মোবাইল তল্লাশি করে জঙ্গিবাদের সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Related posts

Leave a Comment