ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিহতরা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বন্দুকযুদ্ধ হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) চন্দন দেবনাথ শনিবার সকালে এ তথ্য জানান।তবে তিনি নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি। সীতাকুণ্ড সার্কেলের এ এসপি মাহবুবুর রহমান জানান, র্যাব ফেনী অফিসের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহলে ছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ের নিজামপুর তদন্ত কেন্দ্রের ৫০০ গজ সামনে ওয়াহেদপুর এলাকায় হঠাৎ র্যাবের ব্যবহৃত সিভিল মাইক্রোবাসের চাকা বিশেষ প্রক্রিয়ায় পামচার করে ‘ডাকাতরা’। এসময় পেছন দিক থেকে গাড়ির কাচে গুলি করে তারা। র্যাব সদস্যরা গাড়ি থামিয়ে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে তিন ডাকাত নিহত হন। তিনি জানান, ওই সময় র্যাবের টহল টিমের নেতৃত্বে ছিলেন র্যাবের ফেনী ক্যাম্পের এএসপি মোঃ শাহজালাল। সীতাকুণ্ড এএসপি সার্কেল জানান, মিরসরাই থানা পুলিশ ডাকাতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছেন।
মিতু/বিবি নিউজ/৯৫
