স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. দিল আফরোজা শামীম হেনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ দপ্তরে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশের একটি কপি প্রতিবেদকের হাতে রয়েছে।
অব্যাহতির আদেশের পর আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন মর্মে ঘোষণাও দেন অধ্যক্ষ। এ সময় শিক্ষক পরিষদ, বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাভার সরকারি কলেজের অবৈধ উপাধ্যক্ষ উল্লেখ করে ড. দিল আফরোজা শামীম হেনার অপসারণ ও অবিলম্বে পদত্যাগসহ ১৮ দফা দাবি পেশ করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ড. দিল আফরোজা শামীম হেনা পহেলা নভেম্বর ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে সাভার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন।
ড. দিল আফরোজা শামীম হেনার অব্যাহতির পর কলেজে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ কে অব্যাহতি প্রদান
