
৯ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অশোক কুমার জানান, বিকেল সাড়ে চারটায় ফরিদপুর থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা অ্যাম্বুলেন্স ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়ায় পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানের পেছনে থাকা কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার বাস কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ২০ জন আহত হন।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অশোক কুমার আরও জানান, গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
