
ষ্টাফ রিপোর্টার ,৩ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে দিবালোকে বেসরকারী টেলিভিশন বিজয় টিভির উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত সাংবাদিক জুলহাস উদ্দিন ধামরাইর গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে । সে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে।
পুলিশ বলছে,বিকলে বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিন ব্যক্তিগত কাজে নিজের প্রাইভেট কারে করে মানিকগঞ্জ যান। এসময় তার প্রাইভেট কারটি নষ্ট হয়ে গেলে সে একটি লোকাল যাত্রীবাহী বাসে উঠেন ধামরাইয়ে আসার জন্য। সেই বাসেই ঘাতকরা আসছিলো ধামরাইয়ে। পরে জুলহাস উদ্দিন যাত্রীবাহী বাস থেকে বাড়বাড়িয়া বাসষ্ট্যান্ডে নামলে সন্ত্রাসী শাহীন ও মোজাম্মেলও বাস থেকে নেমে প্রকাশ্যে দিবালোকে জুলহাস উদ্দিনকে অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে ছুরিকাঘাত করে হত্যা। পরে স্থানীয়রা সাংবাদিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এসময় স্থানীয়রা হাতে নাতে ঘাতক দুই খুনি শাহীন ও মোজাম্মেলকে আটক করে গণপিটুনি দিয়ে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহত ওই সাংবাদিক দীর্ঘদিন ধরে বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,কি কারণে ওই সাংবাদিককে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ওই সাংবাদিকদের অকাল মৃত্যুতে ধামরাইয়ে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
