সাভার,২ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় গভীর রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার দিবাগত মধ্যরাতে আশুলিয়ার নরসিংপুরে ইটখোলা এলাকায় ওই গৃহবধূর ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, গত প্রায় ২-৩ বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলার চরভদ্রাসন গ্রামের শামসুন্নাহার ও পার্শ্ববর্তী বাঘাডোবা গ্রামের জলিল হোসেনের। এরপর থেকেই জলিল নানা সময় যৌতুকের কারণে শামসুন্নাহারকে নির্যাতন করতো। তাদের মধ্যে কলহের কারণে গত এক বছর পূর্বেও শামসুন্নাহার তার বাবার বাড়িতেই ছিলো। কিন্তু তিন মাস পূর্বে তাকে সাভারের আশুলিয়ায় নিয়ে আসে স্বামী জলিল। এরপর শামসুন্নাহার গর্ভবর্তী হলেও নানা তুচ্ছ কারণে তাকে নির্যাতন করা হতো। সর্বশেষ রবিবার দিবাগত মধ্যরাতে শামসুন্নাহার মারা গেছে বলে বাড়িতে ফোন করে জানায় তার স্বামী এবং নিজে থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে।
এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানালেও এ ব্যাপারে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হয়নি।
