দেশের অন্যান্য সেনানিবাসের মত সাভার সেনানিবাসেও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ও নিহতের স্বজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে সাভারে মিলিটারী পুলিশ কোর সেন্টার এন্ড স্কুলের মিলনায়তনে এর আয়োজন করা হয়। এসময় সাভারসহ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর জেলার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ৬৮ ও নিহত ৩৭ জনের পরিবারের স্বজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ আকবর হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাভার সেনানিবাসের স্টেশন কমান্ডার বিগ্রে. জেনারেল এ বি এম সালাহ উদ্দিনসহ বাহিনীটির উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে প্রধান অতিথি বাংলাদেশী শান্তিরক্ষীদের কৃতিত্বপূর্ণ অবদানের উপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এর আগে নিহত শান্তিরক্ষীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের কৃতিত্বের এবং বিপসটের অবদান নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বিশ্বব্যাপী প্রতি বছর ২৯ মে পালন করা হয়ে থাকে। আজ বাংলাদেশে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
