পেঁয়াজের বস্তায় মিলল ৩৮ হাজার পিস ইয়াবা


৬ এপ্রিল২০২২(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় পেঁয়াজ বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর একটি দল।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোহাব আলী। এর আগে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোহাব আলী জানান, রাতে পেঁয়াজভর্তি একটি পিকআপে করে ইয়াবা ট্যাবলেট বহন করা হচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় পেঁয়াজ বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে পেঁয়াজের বস্তার ভেতর থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পিকআপে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার এবং পিকআপ ভ্যানটি জব্দ করে র‌্যাব।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান জানান, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। পরে দুপুরে তাদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment