খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ ১৫ মে

khaledaজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি শেষ করেছে আদালত। আগামী ১৫ মে আদালত এ শুনানির আদেশ দেবেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেত্বত্বাধীন চার সদস্যের বেঞ্চ আজ বুধবার দুপুরে এ ঘোষণা দেয়। এর আগে আজ সকাল ৯টার পরে দ্বিতীয় দিনের মতো খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়।

এর আগে মঙ্গলবার একই আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন বিষয়ে প্রথম দিনের মতো আপিল শুনানি শুরু করে। প্রথমে আদালতে বক্তব্য রাখেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি খালেদা জিয়ার জামিন বাতিল চেয়েছেন। তার বক্তব্য শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষের বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে দুইবার আদালতে উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ করে উঠেন। অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেন, খালেদা জিয়া রেস্টে আছেন এবং এটি সবচেয়ে ফেয়ার ট্রায়াল।

তার বক্তব্য শেষ হওয়ার পর খালেদা জিয়ার পক্ষে বক্তব্য রাখতে শুরু করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। তিনি আদালতকে বলেন, দুদকের আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল যেসব বক্তব্য রেখেছেন তা রাজনৈতিক। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হয়ে তিনি এসব বক্তব্য রাখতে পারেন না।

তখন অ্যাটর্নি জেনারেল নিজেকে এ মামলার বাদী উল্লেখ করে বলেন, তিনি এসব বলতে পারেন। এ নিয়ে অন্য আইনজীবীরা হট্টগোল শুরু করলে আদালত শুনানি স্থগিত করে দেন।

খালেদা জিয়ার পক্ষে আদালতে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ সিনিয়র আইনজীবীরা। এছাড়া আদালতে উপস্থিত ছিলেন প্রায় তিন সহস্রাধিক আইনজীবী।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল এবং খালেদা জিয়ার জামিন বহাল চেয়ে তার পক্ষে দায়ের করা অপর একটি আপিল আবেদনের ওপর শুনানির জন্য ৮ মে মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেছিলেন দেশের সর্বোচ্চ আদালত।

Related posts

Leave a Comment