সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে।
মঙ্গলবার ভোর রাতে সাভার সদর ইউনিয়নের কেষ্টপুর গ্রামে রড সিমেন্ট ব্যবসায়ী আবুল হোসেন টুকুর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ওই বাড়ির পরিবারের সদস্যরা জানায় ভোর রাতে তাদের একতলা বাড়ির কেচি গেটের তালা ভেঙ্গে ১০/১২ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে ব্যবসায়ী আবুল হোসেন টুকু মিয়া,তার স্ত্রী মালেকা বেগম,ছেলে মাহবুব ও আবুল হোসেনের মেয়ের জামাই রুবেল হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে আলমারি ভেঙ্গে নগদ এক লক্ষ টাকা,১৫ ভরি স্বর্ণালঙ্কার,২৫ ভরি রুপার গহনা সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে সবাইকে পিটিয়ে আহত করে ডাকাতরা পালিয়ে যায়। পরে সকালে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি হওয়ার ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি। এদিকে সকালে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভারে দুর্ধর্ষ ডাকাতি আহত ৫
