জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের অপসারণ প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক নাসির উদ্দিনের অপসারণ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
সরেজমিনে দেখা যায়, সকাল আটটা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট আটকে জড়ো হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। একসময় মেইনগেটে তালা ঝুলিয়ে দেয় তারা। মেইনগেট বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একপর্যায়ে কলা অনুষদের পকেট গেট খুলে দিতে বাধ্য হয়।
আন্দোলনের মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি অনেক শিক্ষক।
এদিকে, ক্যাম্পাসে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মেইন গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
