বিনোদন : স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে কাজী আসিফ রহমানস্ত্রী শামীমা আক্তারের সঙ্গে কাজী আসিফ রহমান‘ঘাসফুল’ ছবির নায়ক আসিফ আগামী ৬ মে পর্যন্ত জামিন পেয়েছেন। আসিফ এখন থেকে তাঁর স্ত্রী শামীমা আক্তারকে আর নির্যাতন করবেন না এবং সন্তানের ভরণপোষণ করবেন—এই শর্তে আজ বুধবার তাঁকে জামিন দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম। তিনি আরও আদেশ দিয়েছেন, যদি আসিফ আগের মতো স্ত্রী ও সন্তানের সঙ্গে অন্যায় করেন, তবে আবারও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আদালতকে শামীমা আক্তার বলেন, তিনি আপস চান, তিনি স্বামীর সঙ্গে সংসার করতে চান। জানা গেছে, আদালতের আদেশসংক্রান্ত কাগজ পাওয়ার পর আজ সন্ধ্যা নাগাদ আসিফ মুক্ত হতে পারবেন।
‘আজ আদালতে আসিফের সঙ্গে আমার কোনো কথা হয়নি। যদিও আদালত আদেশ দিয়েছেন, কিন্তু এরপরও আসিফ, তাঁর আইনজীবী কিংবা কোনো আত্মীয় আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমি এখনো জানি না, আদালতের আদেশ আদৌ বাস্তবে রূপ পাবে কি না।’
সম্প্রতি কাজী আসিফ রহমানের বিরুদ্ধে তাঁর স্ত্রী শামীমা আক্তার নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেন। গত রোববার রাত ১২টা নাগাদ হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে মডেল ও অভিনয়শিল্পী আসিফকে গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়া থেকে নাটকের শুটিং শেষে দেশে ফিরছিলেন তিনি। গত সোমবার সকালে আদালত দুই পক্ষের শুনানি শেষে জামিন আবেদন বাতিল করে আসিফকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
কাজী আসিফ রহমানকাজী আসিফ রহমান
এরপর শামীমা আক্তার বলেন, ‘আমি কানাডাপ্রবাসী। ১৭ বছর যাবৎ কানাডার টরন্টোতে আছি। ২০১৪ সালে ফেসবুকে আসিফের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর যখন আমরা বিয়ের সিদ্ধান্ত নিই, তখন পরিবারকে জানাই। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। ২০১৫ সালে ৭ আগস্ট আমাদের বিয়ে হয়।’
বিয়ের পর কানাডায় ফিরে যান শামীমা আক্তার। তিনি দাবি করেন, বিয়ের পর বিভিন্ন সময় আসিফ তাঁর কাছে টাকা দাবি করেন। মাঝেমধ্যেই স্বামীর দাবি পূরণ করেছেন তিনি। ২০১৬ সালের নভেম্বর মাসে তিনি দেশে ফিরে আসেন। ওই সময় তিনি অন্তঃসত্ত্বা হন। তখন টাকা দাবি করে আসিফ তাঁকে মারধর করেছেন। পরের বছর ৯ জানুয়ারি তিনি আবার কানাডায় ফিরে যান। সেখানে আট মাস আগে তাঁদের প্রথম সন্তান আজওয়া রহমানের জন্ম হয়। এবার গত ৩ জানুয়ারি মেয়েকে নিয়ে দেশে এসেছেন শামীমা আক্তার। তখন বড় অঙ্কের টাকা চাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়তে থাকে। দুই পরিবারের মুরুব্বিদের ব্যাপারটি জানানো হয়। এ সময় স্ত্রীকে আবারও মারধর করেন আসিফ। একপর্যায়ে বাসা ছেড়ে চলে যান। শেষে গত ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেন শামীমা আক্তার। তিনি আসিফের বিরুদ্ধে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখারও অভিযোগ করেন।আসিফ এরই মধ্যে কয়েকটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। নিয়মিত ছোট পর্দায় কাজ করছেন। ইমপ্রেস
টেলিফিল্মের ‘ঘাসফুল’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি।
