কুমিল্লায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতার বিরুদ্ধে মামলা

mamlaকুমিল্লা, ৩০ নভেম্বর : ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লায় আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার আসামিরা হলেন- চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও গল্লাই গ্রামের রফিকুল ইসলাম মুন্সির পুত্র জহিরুল ইসলাম মুন্সি (৩৫), পৌর এলাকার রারিরচর গ্রামের কেনু ভূঁইয়ার ছেলে পৌর কাউন্সিলর সুরুজ ভূঁইয়া (৪০) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, শ্রীমন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বরকইট ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার আওলাদ হোসেন (৩৪)।

বুধবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ২ লাখ টাকা ছিনতাই ও চাঁদা চাওয়ার অভিযোগে বরকইট ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা বিভিন্ন সময় উপজেলার শ্রীমন্তপুর বাজারের ব্যবসায়ী ও যুবলীগ নেতা শাহজাহানের নিকট চাঁদা দাবি করে আসছে। একপর্যায়ে গত মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীমন্তপুর বাজারে শাহজাহানের মোটরসাইকেল রিপেয়ারিং দোকানে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানে রক্ষিত নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এর জের ধরে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন ব্যবসায়ী শাহজাহান। এছাড়াও আসামিরাসহ একটি সংঘবদ্ধচক্র ওই এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে বলেও অভিযোগ করেন শাহজাহান।

মামলার বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারী পিপি অ্যাডভোকেট শাহজাহাল মিঞা শিপন জানান, বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর করার জন্য থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

এ ঘটনায় ব্যবসায়ী শাহজাহান জানান, তারা (অভিযুক্তরা) আমার কাছে চাঁদাদাবি করে আসছে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে গত মঙ্গলবার আমার দোকানে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মুন্সি জানান, ঘটনার সময় ও তারিখে আমরা চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের কর্মী সমাবেশে ছিলাম। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা।

জানতে চাইলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, মামলার কপি বা আদালতের আদেশ এখনও পাইনি।

Related posts

Leave a Comment