ঢাকা, ১১ নভেম্বর : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রবিবার বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলশান কার্যালয় জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে জানতে শনিবার সকালে ডিএমপির কার্যালয়ে যান বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন। পরে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতিপত্র দেওয়া হয় তাঁদের। সেটি নিয়ে তাঁরা দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ওই দিন সমাবেশের অনুমতি মেলেনি। পরে ১২ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে দলটি। আজ ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হলো।
