ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে পুলিশ নির্বাচনের দায়িত্বে থাকা ৬ কর্মকর্তাকে আটক করেছে।এছাড়া একই অভিযোগে শেরপুরে এক প্রিজাইডিং অফিসারকে কারাদণ্ড এবং কুষ্টিয়ায় আরেক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
চতুর্থ ধাপের নির্বাচনে দেশের ৭০৩ ইউনিয়ন পরিষদে শনিবার ভোট হচ্ছে। সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটের আগেই মধ্যরাতে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের যুগীরহাট কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে পুলিশ ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ ৫ জনকে আটক করেছে।
আটকরা হলেন- প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার তাজুল ইসলাম ও ওসমান আলী এবং ছাত্রলীগ নেতা যুগিরহাট গ্রামের আবদুল হকের ছেলে খোরশেদ আলম, আবুল হাশেমের ছেলে শাহীন ও রফিক মিয়ার ছেলে মাছুম।
জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার সাদুরপাড়া ইউনিয়নে জাল ভোট দিতে সহযোগিতা করায় দুটি কেন্দ্রের দুই প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার একে এম আকরামুজ্জামান ও একই ইউনিয়নের আরচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. আনিসুজ্জামান আকুন্দ।
এর আগে ভোটের আগে রাতে ঘুষ লেনদেনের অভিযোগে শেরপুরে প্রিজাইডিং অফিসার ও এক মেম্বার প্রার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের লয়খা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল বারীকে ৭ দিন ও মেম্বার প্রার্থী সাইফুদ্দিন দোলনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা তাদের এই কারাদণ্ড দেন।
এছাড়া কুষ্টিয়ায় ভোটের আগের দিন রাতেই ব্যালট পেপারে সিল মারার সময় হাতেনাতে আটক হয়েছেন এক প্রিজাইডিং কর্মকর্তা। এ ঘটনায় ওই কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার রাতে কুষ্টিয়ার সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা হলেন কুষ্টিয়া ইসলামীয়া কলেজের প্রভাষক আশরাফ উদ্দিন।
দিয়া ইসলাম / ৩৪
