ঢাকা, ৩০ সেপ্টেম্বর : রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় আবু রায়হান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আনিসুজ্জামানের ছেলে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের ছোট ভাই ইব্রাহীম জানান, তারা শুনেছেন খিলক্ষেত এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হন রায়হান। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
