ষ্টাফ রিপোর্টার,১৮ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন ও সোমভাগ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোঃ নাজমুস সাকিব। এ সময় তিনি সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তবায়নের ওপর কঠোর গুরুত্বারোপ করেন। সম্প্রতি ১৩নং ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন ও সোমবাগ ইউনয়ন পরিষদ কার্যালয়ে পৃথক এই পরিদর্শন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে মোঃ নাজমুস সাকিব ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং গ্রাম আদালতের বিচারিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সরকারি সেবার মান আরও বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো স্বল্প খরচে ও কম সময়ে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি দারুণ ও কার্যকর মাধ্যম। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ নিজ বাড়ির কাছাকাছি থেকেই আইনি প্রতিকার পাওয়ার সুযোগ পাচ্ছেন। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন।
‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর ধামরাই উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান সভায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রার্থীদের আইনি সহায়তা প্রাপ্তিতে এর ভূমিকা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে জনপ্রতিনিধিদের করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার বিষয়টি বিশেষ ভাবে প্রাধান্য পায়। বক্তারা জানান, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, যথাযথ ভাবে সরকারি সেবা গ্রহণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার তাগিদ দেওয়া হয়।
১৩নং কুল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই জনসচেতনতা মূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার। ধামরাই উপজেলা রিসোর্স সেন্টারের উপজেলা ইন্সট্রাক্টর ও কুল্লা ইউনিয়ন পরিষদের দক্ষ প্রশাসক জোহরা খাতুনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিরাজ কুমার চক্রবর্তী, হিসাব সহকারী মোঃ সেলিম হোসেন, ইউনিয়ন পরিষদেও পুরুষ-মহিলা সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি,মিডিয়াকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সোমবাগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত পৃথক এ জনসচেতনতা মূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা ও প্রশাসক-প্রকৌশলী একেএম মোহিতুল ইসলাম ।
সামগ্রিক এই পরিদর্শন ও সভায় কুল্লা ও সোমভাগ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করা, উন্নয়ন প্রকল্পের কাজের স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখা, ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নত করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। পরিদর্শন টিমের প্রধান কাজের প্রশংসা করলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন।
