ডেস্ক রিপোর্ট: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সলুয়া বাজারের মাঝামাঝি এলাকায় বন্দুকযুদ্ধে রাসেল ওরফে রনি (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় দেশীয় শুটারগান, এক রাউন্ড গুলি, একটি হাত করাত, ধারালো হাসুয়া-ছোরা ও রশি উদ্ধার করা হয়।
নিহত রনি চৌগাছা উপজেলার মাঠপাড়ার কুমর আলীর ছেলে।
এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সড়কে পিকআপ ও মাইক্রোবাস থামিয়ে একদল ডাকাত ডাকাতি করছিল। খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
কিছুক্ষণ পরে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান, এক রাউন্ড গুলি, একটি হাত করাত, ধারালো হাসুয়া-ছোরা ও রশি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিতু/বিবি নিউজ/১০৬৭
