ডেস্ক রিপোর্ট: গনজালো হিগুইনের জোড়া গোলে বোলোনিয়াকে হারিয়ে সেরি আয় ঘরের মাঠে টানা জয়ের অনন্য কীর্তি গড়েছে জুভেন্টাস। রবিবার রাতে ইতালির শীর্ষ লিগে বোলোনিয়াকে ৩-০ গোলে হারায় টানা পাঁচবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। আর্জেন্টিনার আরেক ফরোয়ার্ড পাওলো দিবালা অন্য গোলটি করেন। ম্যাচের সপ্তম মিনিটে দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন হিগুইন। বিরতির খানিক আগে স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন ২৩ বছর বয়সী দিবালা।
আর ৫৪তম মিনিটে হেডে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন হিগুইন। জুভেন্টাসের জার্সিতে লিগে এটা তার দ্বাদশ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ষষ্ঠদশ গোল। সেরি আয় জুভেন্টাস স্টেডিয়ামে স্বাগতিকদের এটা টানা ২৬তম জয়। ৪৬২ দিন আগে এই বোলোনিয়াকে হারিয়েই রেকর্ড গড়ার পথে চলা শুরু হয়েছিল ইতালির সফলতম দলটির। এই জয়ের পর জুভেন্টাসের পয়েন্ট হলো ১৮ ম্যাচে ৪৫। আরেক ম্যাচে জেনোয়াকে ১-০ গোলে হারানো রোমার পয়েন্ট ১৯ ম্যাচে ৪১। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হিগুইনের সাবেক দল নাপোলি।
মিতু/বিবি নিউজ/১০২৬
