ডেস্ক রিপোর্ট: জাপান বাংলাদেশের অর্থনীতি ত্বরান্বিত করতে তাদের সহযোগিতা ও সহায়তা অব্যাহত থাকবে বলে বাংলাদেশকে আবারও আশ্বাস দিয়েছে।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত জাপান থেকে ফিরে ঢাকায় তার সচিবালয় অফিসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এদেশে জাপানের বিশাল বিনিয়োগ রয়েছে। এটা আরো বাড়ানোর ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে।’
জাপানে তার সফরকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘সফরকালে আমি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা ও জাপানের অর্থমন্ত্রী তারো আসো’র সঙ্গে সাক্ষাৎ করেছি এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছি।’
মুহিত বলেন, জাপানের অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশে ব্যবসার জন্য জাপানী বিনিয়োগকারীদের কোন বিধিনিষেধ থাকবে না। কারণ জাপান সরকার বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে জাপানী নাগরিকদের উপর থেকে ট্রাভেল এ্যাডভাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছে। এক অনিবার্য পরিস্থিতিতে গত বছর জাপান ওই ট্রাভেল এ্যাডভাইস ইস্যু করে।
জাপানকে বাংলাদেশে এক বন্ধুপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ১ জুলাই গুলশানের এক ক্যাফেতে সন্ত্রাসী হামলা সত্ত্বেও জাপানের অবস্থান বাংলাদেশের অনুকূলে ছিল, কারণ তারা বাংলাদেশের বিরুদ্ধে কোন বিবৃতি দেয়নি।
জাইকার প্রেসিডেন্ট মুহিতকে আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশে তারা সবধরনের সহায়তা অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন, বাংলাদেশে জাইকার সব প্রকল্প দ্রুতগতিতে চলছে।
বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ পরিবেশ অনুকূল করতে সরকারের প্রচেষ্টা উল্লেখ করে মুহিত বলেন, শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণ করতে সার্বিকভাবে বিনিয়োগ বাড়ানো।
তিনি বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রীর এই লক্ষ্য অর্জনে আমরা খুবই সফল।’
তিনি বলেন, সরকার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে। বিনিয়োগ আকর্ষণ করতে বাংলাদেশের প্রয়োজন তার দক্ষতা বৃদ্ধি। তিনি বলেন, ‘আমরা ওয়ার্কফোর্সসহ আমাদের সার্বিক দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছি।’
মিতু/বিবি নিউজ/৫১৫
