ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক শ্রম সংস্থা’র (আইএলও) মহাপরিচালক গাই রাইডার বোববার বলেছেন, আইএলও এবং বাংলাদেশের অংশীদারিত্ব দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে।
আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সফররত আইএলও মহাপরিচালক একথা বলেন।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
প্রেস সচিব জানান, আইএলও মহাপরিচালক বলেছেন, সাভারে রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে বাংলাদেশে পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে।
উৎপাদন বৃদ্ধির জন্যই কর্মক্ষেত্রে মালিক-শ্রমিক সুসম্পর্ক বিদ্যমান থাকা প্রয়োজন বলেও মহাপরিচালক এ সময় উল্লেখ করেন।
গাই রাইডার এ সময় শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ সরকার প্রণীত শ্রম আইনেরও ভূয়সী প্রশংসা করেন।
শ্রমিকদের কল্যাণে তাঁর সরকার গৃহিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে অধিক গুরুত্ব দিচ্ছে, যা একদিন সুফল বয়ে আনবে।
দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুবকদের নানাবিধ প্রশিক্ষণ প্রদানের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্পায়নে এবং কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানি খাতকে আরো সমৃদ্ধ করতে দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং শ্রম সচিব মিখাইল সিপার উপস্থিত ছিলেন।
মিতু/বিবি নিউজ/৫১৬
