বঙ্গবন্ধুর হত্যাকান্ড একটি সুপরিকল্পিত হত্যাকান্ড : ইনু


১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকান্ড একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। খুনীরা বঙ্গবন্ধুকে শুধু শারীরিকভাবে হত্যা করেনি, বাংলাদেশ রাষ্ট্রের আত্মাকেই হত্যা করতে চেয়েছিল।
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের উদ্যোগে আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, ফজলুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রমূখ।
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ১৫ আগস্ট জাতির ইতিহাসে বড় ট্রাজেডি, বিয়োগান্তক ঘটনা। খুনীরা এ হত্যাকান্ডের মধ্য দিয়ে জঘন্যতম বর্বরতা নির্মমতা, পৈশিচিকতার প্রকাশ ঘটিয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ড একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। খুনীরা বঙ্গবন্ধুকে শুধু শারীরিকভাবে হত্যা করেনি, বাংলাদেশ রাষ্ট্রেও আত্মাকেই হত্যা করতে চেয়েছিল। হত্যাকান্ডের পর পাকিস্তানী আত্মাকে বাংলাদেশ রাষ্ট্রের দেহে প্রতিস্থাপন করতে সংবিধান থেকে চার নীতি মুছে ফেলে, দ্বি-জাতিতত্ত্ব ও ধর্মীয় সাম্প্রদায়িকতা তুলে আনা হয়েছিল। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নির্বাসিত করে, বেতার-টিভি-গণমাধ্যমে বঙ্গবন্ধু নামটি উচ্চাণ বন্ধ করে দেয়।
ইনু বলেন, খুনীরা বঙ্গবন্ধুকে হত্যার দ্বিতীয় অপচেষ্টা চালাতে থাকে। এরই অংশ হিসাবে জাতির সবচাইতে বিয়োগান্তক ঘটনার দিনে বেগম খালেদা জিয়া তার ভুয়া জন্মদিনের তারিখ নির্ধারণ করে পৈশাচিক উল্লাস প্রদর্শন করতে থাকে। বেগম জিয়া ও বিএনপি ১৫ আগস্ট জন্মদিন পালনের মধ্য দিয়ে প্রমাণ করে বেগম জিয়ার আত্মাটা বাংলাদেশ ও বাঙালির আত্মা না।
শিরীন আখতার এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড বাংলাদেশ রাষ্ট্রের উপর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির প্রতিশোধমূলক সবচেয়ে ভয়ংকর আঘাত।
তিনি বলেন, শুধু বঙ্গবন্ধুকে হত্যাই নয়, জাসদসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করাই ১৫ আগস্টের খুনীদের প্রধান উদ্দেশ্য ছিল। খুনী মুশতাকের ৮৩ দিনের শাসনে আওয়ামী লীগ, জাসদ, সিপিবিসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর রাষ্ট্রীয় নিপীড়ন-নির্যাতন তারই প্রমাণ দেয়।
আলোচনা সভার আগে জাসদ এবং সহযোগী সংগঠন ঢাকা মহানগর জাসদ, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট, জাতীয় কৃষক জোট, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, জাতীয় আইনজীবী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Related posts

Leave a Comment