সাভারে কেন্দ্রীয় যুবলীগ নেতাকে রাশেদুলকে পিটিয়ে জখম, গ্রেফতার ৪ সন্ত্রাসী


১২ জুলাই,২০২১(বিবিনিউজ) : ঢাকার সাভারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাশেদুল ইসলাম শাফিনকে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

সোমবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস।

এরআগে রোববার (১১ জুলাই) গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- জাহাঙ্গীর আলম, জুয়েল রানা, ফয়জুল ও আফাজ উদ্দিন। এঘটনায় পানি নামের একজন পলাতক রয়েছে।

পুলিশ জানায়, রাতে সাভার বাসস্ট্যান্ডে কাজ শেষ করে প্রাইভেটকার যোগে অরুণাপল্লী এলাকায় নিজ বাসায় ফিরছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাশেদুল ইসলাম শাফিন। এসময় তার প্রাইভেটকারটি শিমুলতলা এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা একটি প্রাইভেটকারের লোকজনের সাথে তার তর্ক হয়। একপর্যায়ে ওই প্রাইভেটকারের লোকজন রাশেদুল ইসলাম শাফিনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সকালে মারধরকারী জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন শাফিনের আত্মীয় ওমর ফারুক। পরে পুলিশ সকালে শিমুলতলার জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস বলেন, আটককৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের আটকের প্রক্রিয়া চলছে।

Related posts

Leave a Comment