স্টাফ রিপোর্টার,৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে গর্ভপাত করার অভিযোগে দুটি হাসপাতালের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
রবিবার (৪ জুলাই) রাতে ধামরাই ও কালামপুর এলাকার দুটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।
এসময় ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশে আমেনা ক্লিনিক ও কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়। সেই সাথে এসব হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সচেতন করে সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, আমাদের কাছে অভিযোগ ছিলো এই দুটি হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র নেই। সেই সাথে ক্লিনিক দুটি অনিয়ন্ত্রিত গর্ভপাত করায়। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতাল গুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের বিষয়ে সত্যতা মেলে। এতে পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত এ দুটি হাসপাতাল বন্ধের নির্দেশ দেয়া হয়।
