সাভার ও ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব স্থগিত

ষ্টাফ রিপোর্টার,২৩ জুন ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে এবার হচ্ছে না দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী যশোমাধবের রথ উৎসব। ঢাকার ধামরাইয়ে এ রথযাত্রা স্থগিত করেছে উদযাপন কমিটি। এছাড়াও সাভারের ভাগলপুরের কানাইলাল এবং দক্ষিনপাড়ায় গোপীনাথ বাবুর রথযাত্রাও স্থগিত করেছে কর্তৃপক্ষ।

তবে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, আজ ২৩ জুন রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা ছিলো। সাতদিন পর উল্টোরথ যাত্রা এবং মেলা একটানা মাসব্যাপী পরিচালনা করে আসছিল কর্তৃপক্ষ। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার রথযাত্রা অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায়নি।
তিনি আরো জানান, ঢাকা জেলা পুলিশ, ধামরাই উপজেলা প্রশাসন ও ধামরাই পৌর কর্তৃপক্ষের সাথে বৈঠক করে রথযাত্রা উৎসব এবং রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।
নন্দ গোপাল সেন বলেন, বিগ্রহ গুলোকে রথটান ছাড়া অন্য মাধ্যমে ধামরাইয়ের যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি। উল্লেখ্য যশোমাধবের এই ঐতিহাসিক রথযাত্রা অনুষ্ঠানটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসব পালিত না হলেও এই রথটি রং-তুলির আঁচড়ে সাজানোর যাবতীয় কাজ সম্পন্ন করেছে রথযাত্রা উৎযাপন কমিটি।
উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বছর প্রথমবারের মতো রথযাত্রা উৎসব বন্ধ ছিলো আর এ বছর করোনা মহামারীর কারণে দ্বিতীয়বারের মতো রথযাত্রা উৎসব আয়োজন স্থগিত করা হলো। ১৯৭১ সনে ৪০০ বছরের পুরোনো রথটি পুড়িয়ে দিয়েছিলো পাক হানাদার বাহিনী।

Related posts

Leave a Comment