রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুলাই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান।
তিনি বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন আগামী ৩০ জুলাই। মনোনয়ন দাখিল ২৪ জুন, যাচাই-বাছাই ১-২ জুলাই এবং প্রত্যাহারের শেষদিন ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০ জুলাই। ১৩ জুন থেকে তফসিল কার্যকর হবে।
এই তিন সিটি করপোরেশনেই ভোট হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন।
সিইসি বলেন, তিন সিটি নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইলেট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে।
নতুন আচরণবিধি সম্পর্কে সিইসি বলেন, আগামী ১৩ জুনের আগে যদি আচরণবিধি সংশোধন হয় তাহলে নতুন আচরণবিধি তিন সিটি নির্বাচনে কার্যকর হবে। আর যদি পরে সংশোধন হয় তাহলে এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এ তিনটি নির্বাচনে এমপিরা প্রচারে অংশ নিতে পারবে কিনা -এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আচরণবিধি এখনো সংশোধন হয়নি। সংশোধন হলে তখন বলা যাবে।
কে এম নুরুল হুদা বলেন, স্থানীয় এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না। তবে অন্য এমপিরা পারবেন।
এর আগে বৃহস্পতিবার কমিশনের সভা শেষে ইসি সচিব হেলালউদ্দিন আহমদ বলেছিলেন, সব এমপি স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন।
