২৫ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

nerbasonআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৫টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে ইসি। এ সীমানাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

যে ২৫টি আসনের সীমানার পরিবর্তন এসেছে- সেগুলো হলো নীলফামারী ৩, ৪; রংপুর ১, ৩; কুড়িগ্রাম ৩, ৪; সিরাজগঞ্জ ১, ২; খুলনা ৩, ৪; জামালপুর ৪, ৫; নারায়ণগঞ্জ ৪, ৫; সিলেট ২, ৩; মৌলভীবাজার ২, ৪; ব্রাহ্মণবাড়িয়া ৫, ৬; কুমিল্লা ৬, ৯, ১০ ও নোয়াখালী ৪, ৫। ঢাকার কোনো সংসদীয় আসনে পরিবর্তন আসেনি।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৪ মার্চ পুননির্ধারিত সীমানার খসড়ায় ৪০ আসনে পরিবর্তনের প্রস্তাব করে বাকি ২৬০টি আসনে দশম সংসদের সীমানা বহাল রাখার কথা বলা হয়। কিন্তু এরপর ৬০টি আসনের বিষয়ে আপত্তি বা আবেদন আসে।

গত ২১ থেকে ২৫ এপ্রিল এসব আপত্তির ওপর শুনানি শেষে ৬০টি আসনের মধ্যে ৩৫টির আপিল মঞ্জুর করে ইসি। ফলে সেসব আসনে দশম সংসদের সীমানাই বহাল থাকছে। বাকি ২৫টির আবেদন না মঞ্জুর হওয়ায় সেখঅনে পরিবর্তন আসছে।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, সোমবারই সংশোধিত আসন সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

Related posts

Leave a Comment