ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)।
উপ-কমিশনার জানান, রবিবার বেলা একটার দিকে রাজধানীর চানখারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হামলা ও ভাঙচুরের সময় চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারদের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। শুধুমাত্র মাসুদ আলম ঢাকা আলীয়া মাদ্রাসার ছাত্র। অন্য ৩ জন কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নয়। এরমধ্যে গ্রেফতারকৃত রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে ৫ টি মামলা রয়েছে।
মাসুদুর রহমান জানান, গ্রেফতারের পর তাদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত রাকিবকে চারদিন, আলীকে তিনদিন এবং মাসুদ ও সিয়ামকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তারা বর্তমানে গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনা ঘটে। ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
