ডেস্ক রিপোর্ট : পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে শরিফ হোসেন (২৫) নামে এক সন্ত্রাসী নিহত ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার ভোর রাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের সুতিরবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফ পাবনা সদর উপজেলার গাছপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মদ জানান, রবিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকায় সন্ত্রাসীরা বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। অভিযান শেষে পুলিশ সেখানে শরিফের মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি শর্টগান, চাপাতি এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে। এছাড়া সন্ত্রাসীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা ও দু’জন কনস্টেবল আহত হয়েছেন। এরা হলেন এএসআই নান্নু, কনস্টেবল রেজাউল ও আব্দুল কুদ্দুস। তারা চিকিৎসাধীন রয়েছেন বলে ওসি জানান। ওসি আরো জানান, রবিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতলে পাঠান হয়েছে। উল্লেখ্য, বুধবার বেলা ১২ টার দিকে দুই পুলিশ সদস্য মনির হোসেন ও তোফাজ্জল হোসেন সাদা পোশাকে মোটরসাইকেলযোগে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় যাচ্ছিল। ডেঙ্গারগ্রাম এলাকায় তারা একটি সাদা প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশকে গুলিতে আহত করে পালিয়ে যায়। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রাইভেটকার ও অস্ত্র উদ্ধার করে। পুলিশের দাবি ওই ঘটনায় সন্ত্রাসী শরিফও তার সহযোগীদের সঙ্গে জড়িত ছিল।
মিতু/বিবি নিউজ/১৩৯৮
