ডেস্ক রিপোর্ট : পাবনা সদর উপজেলার আতাইকুলায় মনিরুল ইসলাম ওরফে বাটুল (২২) নামের এক অটোবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার উগ্রগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গস্খামের আব্দুর রহিম তুকাইয়ের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় গ্যারেজ থেকে ব্যাটারীচালিত অটোবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হন মনিরুল ইসলাম বাটুল। বাড়ি না ফেরায় রাতে তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কিন্তু তার সন্ধান মেলেনি। শনিবার সকালে আতাইকুলার উগ্রগর গ্রামের রাস্তার পাশে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধারণা করা হচ্ছে অটোবাইকটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে যাত্রীবেশি দুর্বৃত্তরা বাটুলকে হত্যা করেছে। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
মিতু/বিবি নিউজ/১২৫০
