ষ্টাফ রিপোর্টার,১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ):”সবুজ ঢাকা গড়ার অঙ্গীকার, আজকের বৃক্ষ, আগামীর নিঃশ্বাস”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভারে পালিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি ও মুক্ত আলোচনা সভা। মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ঢাকার সাভার উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সমাজ সেবক সালাউদ্দিন খান নঙ্গম,বিরুলিয়া ইউপি প্রশাসক মনোয়ারা আক্তার, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের সভাপতি সদস্য মনিরুল হক ও জনপ্রতিনিধি তাইজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনায় পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা (ল্যান্ডফিল সমস্যা) এবং পরিকল্পিত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার সাভারে বিভিন্ন খাল খননসহ বেশ কিছু উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় বর্তমান সরকারের চলমান কর্মপরিকল্পনা এবং আগামীতে পরিবেশ বান্ধব প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম জানান, আগামী ছয় মাসের মধ্যে সাভারে দেড় লক্ষ এবং আগামী পাঁচ মাসে কেরানীগঞ্জে ১ লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী যে পাঁচ বছর মেয়াদী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে জেলা,উপজেলার সিনিয়র অফিসার, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
