ইরাকের দক্ষিণ বাগদাদে বোমা বিস্ফোরণ ও গুলি করে অন্তত ১৬ জনকে হত্যা করেছে আইএস। হামলায় আরও ২৫ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাম্প্রতিক সময়ের চলমান হামলার ঘটনায় জনগণের নিরাপত্তার ব্যাপারে ইরাক সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার গভীর রাতে শিয়া শহর বালাদের একটি রেস্তোরাঁয় তিনজন বন্দুকরধারী মেশিনগান দিয়ে অতর্কিত গুলি বর্ষণ করতে থাকলে হতাহতের এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের ভক্তরা রেস্তোরাঁয় একত্রিত হলে সেখানে এ হামলা চালানো হয়। হামলার পরই হামলাকারীরা পালিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর অপর এক হামলায় কাছের একটি বাজারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। হাসপাতাল সূত্র জানায়, সেই হামলায় চারজন নিহত ও দুইজন মারাত্মকভাবে আহত হন।
এক বিবৃতিতে আইএস জানায়, তিনজন আত্মঘাতী হামলাকারী শিয়া অধ্যুষিত স্থানে হামলা চালিয়েছে। তবে ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেখানে একজন হামলাকারীকে পাওয়া গেছে।
পুলিশ সূত্র রয়টার্সকে জানায়, হামলাকারীদের তিনটি পুলিশ চেকপোস্ট টোপকে যেতে হয়েছিল নির্ধারিত স্থানে। আরও হামলার আশঙ্কায় শহরে নিরাপত্তা বাহিনী তাদের কার্যক্রম জোরদার করেছে।
দিয়া ইসলাম / / ৯২৪
