ডেস্ক রিপোর্ট: গাজীপুরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বুদু মনির (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় তার সহযোগী আনোয়ারকে (২৮) আটক করা হয়েছে।
রবিবার রাত আড়াইটায় নগরীর নলজানি এলাকার টিএন্ডটি কলোনীর সেগুন বাগানে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত বুদু মনির একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে নাশকতায় হত্যা, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে। মনির বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের টিনসেড কলোনীতে থাকতেন। তার বাবা সিরাজ উদ্দিন কৃষি গবেষণা ইনষ্টিটিউটের শ্রমিক। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। এ ঘটনায় ডিবি পুলিশের ওসি আমির হোসেন ও এএসআই মো. সাকলাইন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার হয়েছে। গাজীপুর ডিবি পুলিশের ওসি আমির হোসেন জানান, মনির ৪-৫ সহযোগী নিয়ে সেগুন বাগান এলাকায় অবস্থান করে অপরাধমুলক কাজের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। টের পেয়ে মনির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মনিরকে গুলিবিদ্ধ অবস্থায় ও আনোয়ারকে জাপটে আটক করা হয়। এসময় সন্ত্রাসীদের গুলিতে তিনি ও এসআই সাকলাইন আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলি ও পিস্তল উদ্ধার হয়। মনিরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মনিরের বিরুদ্ধে নাশকতায় হত্যা, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে।
মিতু/বিবি নিউজ/১০২৪
