১২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার ধামরাইয়ে পিতা-পুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বান্নাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, ধামরাইর বান্নাল এলাকার ইসরাফিল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তির বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রাতে ছানোয়ার হোসেন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ইসরাফিলের বাড়িতে প্রবেশ করেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই ইসরাফিল ও তার ছেলে মাসুদ রানাকে কুপিয়ে জখম করে বিষয়টি কাউকে বললে তাদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত পিতা-পুত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় রাতেই আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে ধামরাই থানার ওসি আতিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
