আশুলিয়া থেকে অপহৃত ছাত্রী উদ্ধার,গ্রেফতার ২


২০ আগস্ট ২০২১(বিবিনিউজ ):দিনাজপুরের ঘোড়াঘাট থেকে পাচারের উদ্দেশ্যে নবম শ্রেণির এক অপহৃত ছাত্রীকে ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ মানব পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব।

এরআগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে ঢাকার আশুলিয়া থেকে তাদেরকে গ্রেফতার করে ঘোড়াঘাট থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া দুর্গাপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আল-আমিন (২৬)।

পুলিশ জানায়, পাচারকারী দলের সদস্য রোখসানা আক্তার ঘোড়াঘাটে বিরাহীমপুর এলাকায় মামার বাড়িতে যাওয়ার সুবাদে ওই ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তুলে ফুসলিয়ে পাচার করার জন্য ঢাকায় নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ ছাত্রীকে উদ্ধার করে সংঘবদ্ধ মানব পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুইজনকে আটক করে।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব জানান, গত ১৬ আগস্ট ঐ ছাত্রীর চাচা ঘোড়াঘাট থানায় এসে ভাতিজিকে পাচার করা হয়েছে এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করলে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে। এসময় পাচারকারী দলের দুইজনকে আটক করে তাদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, আটক রোখসানা আক্তার সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পেয়েছি, যা খতিয়ে দেখা হচ্ছে। যে কেউই এদের সাথে জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Related posts

Leave a Comment