২৪ লাখ টাকা লুটের ঘটনায় মূলহোতা মনোরঞ্জন গ্রেফতার

১৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ): ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ২৪ লাখ টাকা লুটের ঘটনায় ভুক্তভোগীর আত্মীয় ও মূলহোতা মনোরঞ্জন রাজবংশীকে ৮ মাস পর গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতি (১২ আগস্ট) ভোর রাতে মনোরঞ্জন রাজবংশীকে মুন্সিগঞ্জের শ্রীনগর তার মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনোরঞ্জ রাজবংশী গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গোসাতরা গ্রামের সাপচান রাজবংশীর ছেলে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মনোরঞ্জন কৌশলে তার আত্নীয় পরীক্ষিত রাজবংশীকে কম দামে স্বর্ণ কিনে দেয়ার কথা বলে আশুলিয়ার বাড়ইপাড়া আসতে বলে। যখন টাকা নিয়ে আসে তখন মাইক্রোবাস যোগে পরিকল্পনা অনুযায়ী অন্য আসামীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে পরীক্ষিতকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে মির্জাপুরে তাকে ফেলে যায়। এ ঘটনার সময় স্থানীয়রা শহিদুল নামে একজনকে আটক করে পুলিশে সোপার্দ করে। সেই ঘটনার সূত্র ধরে মূলহোতা মনোরঞ্জন রাজবংশীকে গ্রেফতার করা হয়। এরআগে এ ঘটনায় নিত্যরঞ্জন, শহিদুল, মাইক্রোবাসের চালক আফসার উদ্দিন ও চালকের সহযোগী সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর সকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে পরীক্ষিত রাজবংশী নামে স্বর্ণ ব্যবসায়ীর ২৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Related posts

Leave a Comment