স্টাফ রিপোর্টার, ১৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারের হেমায়েতপুরের পাশে কেরাণীগঞ্জ এর আলিপুর এলাকায় একটি ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট অমিত দেব নাথ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ জানান,হেমায়েতপুরের পাশে আলিপুর এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাইদুর রহমান নামের এক ব্যক্তি মেঘনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড নামের একটি কারখানা খুলে দেশের নামী দামী কোম্পানীর নাম ও মোড়ক ব্যবহার করে ভেজাল ভাবে কীটনাশক তৈরি করে বাজারে বিক্রি করে কৃষকদের সাথে প্রতারণা করে আসছিলো। পরে কৃষকরা বিভিন্ন ধরণের সার কিনে বিভিন্ন ফসলে দিলে ফসল মরে গেলে কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি সরেজমিনে ওই কারখানায় গিয়ে দেখতে পান প্রায় ত্রিশ ধরণের ভেজাল সার তৈরি করতো কারখানাটি। পরে তিনি প্রায় এক’শ কোটি টাকার ভেজাল সার জব্দ করেন। অভিযানের খবর পেয়ে কারখানাটির মালিক ও কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে যায়। এসময় কারখানাটির সকল উৎপাদন বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এসময় র্যাব পুলিশ ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে যেসকল কারখানার মোড়ক ব্যবহার করে কারখানাটি ভেজাল ভাবে কীটনাশক তৈরি করতো সেই সকল কারখানা কতৃপক্ষ ভেজাল কারখানাটির মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছেন।
কেরাণীগঞ্জের আলিপুরে প্রায় এক’শ কোটি টাকার ভেজাল সার জব্দ,কারখানা সিলগালা
