ফিলিপাইনে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তে ১৭ জনের মরদেহ উদ্ধার

৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন আরও ৪০ জন। আজ রোববার সকালে ৯২ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিধ্বস্ত হওয়া সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য। তাঁদের মধ্যে ১৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় আরও ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে পেরেছেন উদ্ধারকারীরা।

এর আগে সকালে ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা জানিয়েছিলেন, ৮৫ জন আরোহী নিয়ে আজ সকালে সুলু প্রদেশের জোলো দ্বীপে সামরিক বাহিনীর সি-১৩০ মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

এ সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। সামরিক উড়োজাহাজটি স্থানীয় কাগায়ান দে ওরো থেকে দক্ষিণাঞ্চলের মিন্দানাওয়ে যাচ্ছিল। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা ৯২।

সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে উড়োজাহাজটিতে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

তবে এ দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। এ বিষয়ে ফিলিপাইনের বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মেনার্দ মারিয়ানো বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। তবে আমরা এখন উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’

Related posts

Leave a Comment