শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন


২৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ৭। আজ শনিবার স্থানীয় সময় ভোররাত ৪টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে। এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। পরপর দুই ভূমিকম্পের জেরে সেখানে এখনো কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেমের তথ্য অনুযায়ী, ফিলিপাইনে আজকের ভূমিকম্পের পর সুনামি আশঙ্কা নেই। কোনো ক্ষয়ক্ষতির আশা করছে না ফিলিপাইনের ভূমিকম্প–সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

লুজন দ্বীপে অবস্থিত বাতাঙ্গাস প্রদেশে জোরালো কম্পন অনুভূত হয়েছে। প্রদেশের কালাতাগান মিউনিসিপ্যালিটির পুলিশ কর্মকর্তা রনি অউরেলানো বলেন, ‘এটি খুবই শক্তিশালী ছিল। আমরা আতঙ্কিত।’ পুলিশের এই কর্মকর্তা জানান, বাতাঙ্গাসের বাসিন্দারা ভূমিকম্পের সঙ্গে অভ্যস্ত। এমন পরিস্থিতিতে কী করতে হবে, তা তাঁরা জানেন। তবে সুনামির আশঙ্কা আছে কি না জানতে নিচু অঞ্চলগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আজকের ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাতাঙ্গাস প্রদেশের মাবিনি এলাকার পুলিশ কর্মকর্তা বার্নি ফাদেরোগাও। কম্পনটি সম্প্রতি ঘটা ভূমিকম্পগুলোর মতো অতটাও শক্তিশালী ছিল না বলে জানান তিনি।

ফিলিপাইনের অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’। এখানে টেকটোনিক প্লেটগুলোর প্রায়ই সংঘর্ষ ঘটে। এ কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়।

Related posts

Leave a Comment