স্টাফ রিপোর্টার,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে গ্যাস লাইনের পাইপ ফেটে শনিবার থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। এতে যেমন গ্যাস অপচয় হচ্ছে তেমনি বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
ঢাকা আরিচা মহাসড়কে সাভারের মজিদপুর এলাকায় রাস্তায় পাশে মাটি খোঁড়াখুঁড়ির কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ওই স্থানে মাটি খোঁড়ার সময় একটি গ্যাসের লাইন ফেটে যায়। ফেটে যাওয়া পাইপ দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। এতে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের চাপ কমে গেছে।
ফেটে যাওয়া পাইপটি মেরামত করার জন্য সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।
