সাভারে পরিবহনসংকট ও বাড়তি ভাড়ার প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

২৮ জুন ২০২১(বিবিনিউজ ): গণপরিবহনের সংকট ও বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকালে সাভার রেডিও কলোনি এলাকায় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে গণপরিবহন বন্ধ রয়েছে। সকালে কর্মস্থলে যাওয়ার পথে সড়কে পরিবহন না পেয়ে ক্ষুব্ধ হন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। দীর্ঘ সময় অপেক্ষা করে গণপরিবহন না পেয়ে সকাল আটটার দিকে শ্রমিকেরা সাভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সাভার থানা ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝালে সকাল নয়টার দিকে তাঁরা মহাসড়ক থেকে সরে যান। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কয়েকজন শ্রমিক জানান, চলাচল সীমিত থাকার কারণে গণপরিবহন বন্ধ। অনেক কারখানা কর্তৃপক্ষ কর্মস্থলে যাতায়াতে গাড়ির ব্যবস্থা করেনি। এ কারণে কর্মস্থলে যেতে তাঁরা দীর্ঘ সময় গাড়ির অপেক্ষায় থাকেন। যেসব গাড়ি পাওয়া যায়, সেগুলোয় কয়েক গুণ বাড়তি ভাড়া দাবি করা হয়। গণপরিবহন বন্ধ থাকায় তাঁদের এই ভোগান্তি হচ্ছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, সকালে রেডিও কলোনি এলাকায় গণপরিবহনের সংকট ও অতিরিক্ত ভাড়া দাবি করায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

Related posts

Leave a Comment