স্টাফ রিপোর্টার,৪ মার্চ ২০২১(বিবিনিউজ):দেশ এখন শিল্পে সমৃদ্ধ। যারা শিল্প প্রতিষ্ঠান গড়তে চান, সরকার তাদের সব ধরনের সহযোগীতা করে আসছে। বৃহষ্পতিবার ঢাকার ধামরাইয়ে ইফাদ গ্রুপের নিজস্ব তৈরী বিশ^মানের এসি, নন এসি বাস উদ্বোধনকালে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহামেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু।

মন্ত্রী আরো বলেন, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি দেশেই উৎপাদন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে অটোমোবাইল শিল্পের বিকাশে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ শিল্পের উত্তরোত্তর উন্নয়ন এবং টেকসই বিকাশের লক্ষ্যে এ নীতি প্রণয়ন করা হচ্ছে।
এ লক্ষ্য অর্জনে তিনি সরকারের পাশাপাশি অটোমোবাইল শিল্প উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসার আহবান জানান। অটোমোবাইল শিল্পের বিকাশে প্রকৃত অর্থেই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিক রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গাড়ি সংযোজনকারী দেশের গ-ি পেরিয়ে গাড়ি উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, আপনারা এও জানান, বর্তমান সরকার ২০২০ সালকে লাইট ইঞ্জিনিয়ারিং বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। ২০৪১ সালে উন্নত আয় ও শিল্প সমৃদ্ধ দেশ গড়তে সরকার দেশে শিল্প কারখানা স্থাপনের উপর গুরুত্ব দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরণের সহায়তা প্রদান করছে।
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু জানান, বেসরকারী উদ্যোগে ইতিহাসে নব দিগন্তের সূচনা করেছে ইফাদ অটোস। এতদিন এই কারখানায় শুধু গাড়ি সংযোজন করা হতো। এখন বিলাসবহুল এসি, নন-এসি বাসের বডি তৈরী করা হবে। তিনি জানান, বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানী করতে বেশ সময় লাগে। এই কারখানা চালু হওয়ার ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুন্সী শাহাবুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইফাদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ, ইফাদ অটোসের ম্যানেজিং ডিরেক্টর তাসকিন আহমেদ, গ্রুপ ডিরেক্টর তাসফিন আহমেদ সহ বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাস-ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।
