করোনায় আরও ১৩ জনের মৃত্যু


১৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ২৯১ জনের। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ।গতকালের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। আর করোনার সংক্রমণ শনাক্ত হয় ৪০৪ জনের।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দু-এক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। তবে ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তিন সপ্তাহের বেশি সময় ধরে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে।

Related posts

Leave a Comment