২০ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):করোনায় মানিকগঞ্জ-২ আসনের (হরিরামপুর ও শিবালয়) সাবেক স্বতন্ত্র সাংসদ শামসুদ্দিন আহমেদের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর ছোট ছেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাহাবুদ্দিন চঞ্চল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শাহাবুদ্দিন চঞ্চল বলেন, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ার পর গত ৩০ নভেম্বর তাঁর বাবা শামসুদ্দিন আহমেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১ ডিসেম্বর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরের দিন তাঁর করোনা পজিটিভ ফল পাওয়া যায়। গতকাল নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে।
তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাতে তিনি মারা যান। তাঁর বাবাকে স্থানীয় ভেলাবাদ কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শামসুদ্দিন আহমেদ ১৯৪৮ সালের ৬ মার্চ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মির্জানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দুই দফায় স্থানীয় হারুকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ২০০১ সালে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র সাংসদ নির্বাচিত হন। মৃত্যুর আগে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য পদে দায়িত্ব পালন করছিলেন।
